২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচক পরিচিতি

শাহবাগ আন্দোলনে স্যোশাল মিডিয়ার প্রভাব নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনায় অংশগ্রহণকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 09:13 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

অমি রহমান পিয়াল

পিয়াল ব্লগিং শুরু করে ২০০৬ এর ফেব্রুয়ারী মাসে সামহোয়ারইনব্লগে। মুক্তিযুদ্ধের নানা ইতিহাস নিয়ে লেখালেখি শুরু করেন। জামাতে ইসলামীর নেতা কামরুজ্জামানের দুই ছেলে ওয়ামী ও ওয়ালী ব্লগে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে পোস্ট দেয়া শুরু করলে - পিয়াল সেসব পোস্টের বিকৃতি ধরিয়ে দিতেন। জামাত-শিবিরের সমর্থকদের উসকানিমূলক ব্লগ বাতিল করার জন্য আন্দোলন করেন। জামাত-শিবিরের সক্রিয় সদস্যরা মাল্টি নিক, রিভার্স নিক তৈরী করে পোস্ট ফ্লাডিং, আক্রমনাত্মক ভাষা ব্যবহার করতে শুরু করলে তাদের প্রতিরোধের জন্য পিয়াল ও সমমনা কয়েকজন ব্লগার মিলে একটা গ্রুপ তৈরী করে যা ‘এ টিম’ নামে পরিচিত। ২০০৭ এ আমারব্লগ চালু হলে সেখানে সদস্য হন পিয়াল। তিনি বাংলা ব্লগস্ফিয়ারে সর্বাধিক সংখ্যক মুক্তিযুদ্ধ বিষয়ক ব্লগ লিখেছেন।  ২০১২ সালের ডয়েচেভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় মনোনীত হন। পিয়াল মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখি ছাড়াও কবিতা, গল্প, স্যাটায়ার লিখে থাকেন। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা নিয়ে তার একটা বই প্রকাশিত হয়েছে। 

আরিফ জেবতিক

২০০৬ এর নভেম্বরে সামহোয়ারইব্লগে সদস্য হন আরিফ জেবতিক। আলোচনায় আসেন ২০০৭ এর মে মাসে ভেলরি টেইলরকে নিয়ে একটা পোস্ট লিখে। নিজের প্রতিষ্ঠান সিআরপি থেকে ভেলরিকে অপসারণের পরে বাংলা ব্লগে প্রতিবাদ শুরু হয় যা জেবতিকের একটা পোস্টের কারণে ব্যাপক সাড়া ফেলে। ব্লগের তখন পর্যন্ত সর্বাধিক পঠিত, আলোড়িত ও শেয়ারকৃত পোস্ট সেটাই। তিনি জামাত-শিবিরের বিকৃত ইতিহাস নির্ভর প্রচারণার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ‘এ-টিম’ এর সদস্য হন। সামহোয়ারইনের পাশাপাশাপি পরবর্তীতে সচলায়তন ও আমারব্লগে লিখতে শুরু করেন। ঢাকা বিমান বন্দরের সামনে বাউল ভাস্কর্য ভাঙচুরের পরে সরকারী নিষেধাজ্ঞার ভেঙে মানববন্ধন করা দশ-বারোজন ব্লগারের একজন তিনি। ২০১১ সালের ডয়েচভেলের আয়োজিত ব্লগ প্রতিযোগিতায় সেরা বাংলা ব্লগার নির্বাচিত হন। সমসাময়িক রাজনীতি নিয়ে তার স্যাটায়ারমূলক পোস্ট ‌ব্লগে জনপ্রিয়তার শীর্ষস্থানে নিয়ে গেছে। আরিফ জেবতিক বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন।

বাকী বিল্লাহ

২০০৬ এর আগস্টে সামহোয়ারইনে সদস্য হন। বিভিন্ন ব্লগারের পোস্ট নিয়ে প্রথম বই প্রকাশ করার উদ্যোগ নেন ২০০৬ এর ডিসেম্বরে। জাতীয় সম্পদ রক্ষাসহ নানান রাজনৈতিক বিষয় নিয়ে তিনি ব্লগ লেখেন। পাশাপাশি ব্লগ থেকে বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভকে রাজপথে নিয়ে আসতে উদ্যোগী হন। জামাত-শিবিরের নিষিদ্ধের দাবীতে নানান প্রতিবাদী পোস্ট লিখেছেন। ‘জাতীয় স্বার্থে ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্ট’ নামে একটা ব্লগারদের সংগঠন প্রতিষ্ঠা করেন ২০১০ সালে যারা  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফি বৃদ্ধির প্রতিবাদে অংশ নিয়ে আন্দোলনকে নতুন মাত্রা প্রদান করে। পরবর্তীতে অকুপাই ওয়ালস্ট্রিট, জাতীয় সম্পদ ও ব্লগার নির্যাতনের বিরুদ্ধে নানা আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন। বাকীবিল্লাহ রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি ছোটগল্প লিখে থাকেন ব্লগে। একটা ছোটগল্প সংকলন প্রকাশিত হয়েছে এবং সাহিত্যমোদীদের প্রশংসা কুড়িয়েছে। ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

মো. মাহমুদুল হক মুন্সী

জুলাই ২০১০ এ সামহোয়ারইনব্লগের সদস্য হন। এছাড়াও তিনি আমারব্লগে সক্রিয়। ‘বাঁধন স্বপ্নকথক’, ‘রুদ্রপ্রতাপ’ নামে জাতীয় ও রাজনৈতিক ইস্যু নিয়ে লেখালেখির পাশাপাশি নানা ধরণের সামাজিক সচেতনতামূলক উদ্যোগের সাথে সম্পৃক্ত হন। শীতার্ত ও বন্যায় আক্রান্ত মানুষদের সাহায্যের জন্য ব্লগে ফান্ড কালেকশন করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ত্রান বিতরণ করেন। জামাত-শিবিরের বিকৃত প্রচারণার বিরুদ্ধে সক্রিয় ব্লগিং করে থাকেন। ‘জাতিয় স্বার্থে ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্ট’ ফোরামের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে বোয়ান এর সাথে যুক্ত হন। মুন্সী তার ব্লগে গল্প, কবিতা ও দৈনন্দিন রোজনামচাও লিখে থাকেন। 

সিমু নাসের

২০০৬ এর ফেব্রুয়ারী মাসে সামহোয়ারইনের সদস্য হন। ব্লগ বিষয়ক নানান তথ্য ও উপাত্ত নিয়ে গবেষণার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে লেখা তার ব্লগের প্রধান উপজীব্য। সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে ব্লগার ও অনলাইন ই্‌উজারদের নিয়ে অসংখ্য ক্যাম্পেইন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সৌদি আরবে কয়েকজন বাংলাদেশীর শিরোচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন, তাজরীন গার্মেন্টসে আগুনে পুড়ে যাওয়া শ্রমিকদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন, ইত্যাদি। এসমস্ত আন্দোলনে ব্লগারদের সম্পৃক্ত করার জন্য তার ব্লগিং উদ্দীপনা তৈরী করেছে। ‘ম্যাজিক মুভমেন্ট’ নামে ব্লগার ও অনলাইন এ্যকটিভিস্টদের একটা সংগঠনের উদ্যোক্তা। স্যাটায়ারধর্মী লেখার জন্য তুমুল জনপ্রিয় সিমুর একাধিক প্রকাশনা রয়েছে।

মারুফ রসুল

২০১১ সালে আমার ব্লগ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এর সদস্য হন মারুফ রসুল। ‘শনিবারের চিঠি’ নামে তিনি রাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং করেন। ব্লগারদের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। বাংলাদেশের ক্রিকেট দলের পাকিস্থান সফর বাতিল করার দাবীতে মানববন্ধনের নেতৃত্ব দেন। সম্প্রতি তার রাজনৈতিক নিবন্ধসমূহ নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে।

শারমিন রেজোওয়ানা

২০০৯ এর অক্টোবরে সামহোয়ারইব্লগে সদস্য হন। প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে লেখালেখির কারণে সুবিখ্যাত। এছাড়াও ব্লগারদের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে নানা সময়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। অনলাইন সংস্কৃতির নানা নেতিবাচক চর্চার বিরুদ্ধে তিনি ব্লগ লিখেছেন। এছাড়া রম্য, গল্প ও রোজনামচা তার প্রতিদিনকার ব্লগের বিষয়। ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত বই অপরবাস্তব সম্পাদন করেছেন।

পিনাকী ভট্টাচার্য্য

২০১২ এর আগস্টে ব্লগিং শুরু করেন সামহোয়ারইনব্লগে। সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ, সামাজিক বৈষম্য ও অসংগতি তার ব্লগের প্রধান বিষয়। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই তিনি সাহসী ব্লগার হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন। একটি ওষুধ কোম্পানির শীর্ষ কর্মকর্তা পিনাকী একজন ডাক্তার। তিনি ’৯০ এর আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।

আফসানা কিশোয়ার

২০০০ সালে লেখালেখি শুরু যায়যায়দিন এর মাধ্যমে।  প্রথম আলো সেরা ফিচার লেখকের স্বীকৃতি পান।   প্রথম শ্রেণীর বেশ কয়েকটি দৈনিকে এক সময় নিয়মিত লিখতেন।  দেশের ভেতর, বাহির থেকে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিনে তার লেখা ছাপা হয়েছে।  পাশাপাশি দীর্ঘ সময়  বিভিন্ন বাংলা ব্লগে ’মেঘ’ ব্লগনিক -এ ব্লগিং করে আসছেন।   ইদানীং ফেসবুকে যথেষ্ট সরব।   ২০০৪ সাল থেকে প্রতিবছর অমর একুশে জাতীয় গ্রন্থমেলায় লেখকের কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।  ব্লগে গল্প-কবিতা-দিনলিপি প্রকাশ ছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, জামাত বিরোধী প্রচার-প্রচারণায় বাংলা ব্লগগুলোতে বরাবরই সরব ও আপোষহীন ভূমিকা রেখেছেন আফসানা কিশোয়ার।  শাহবাগ আন্দোলনের উত্তাল জনস্রোতে আফসানা কিশোয়ার যোগ দিয়েছেন সেই আপোষহীনতাকে ধারণ করেই।  স্বাক্ষর করেছেন বিচারের দাবি জানিয়ে। 

তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।  

নাহিদ সুলতানা

এ্যাডভোকেট, ঢাবি থেকে এলএলবি (অনার্স), এলএলএম।  জেন্ডার ইক্যুয়ালিটি, নারী স্বাধীনতা নিয়ে কাজ করেন।  অনলাইন অক্টিভিস্ট পরিচয়ের চেয়ে মূলত সোশ্যাল এক্সিভিস্ট হিসেবে পরিচয় প্রদানে আগ্রহী নাহিদ সুলতানা ব্লগে লেখালেখি না করলেও নিয়মিত বিভিন্ন ব্লগ অনুসরণ করেন।   ফেসবুকে সোচ্চার ।   জামাত-শিবির নিষিদ্ধকরণ দাবিতে ও যুদ্ধাপরাধীদের  বিচারে আপোষহীন নাহিদ সুলতানা কাদের মোল্লার রায় ঘোষনার পর ফেসবুকে প্রতিবাদ কর্মসূচীর আহবান দেখে দুপুরের মধ্যেই শাহবাগে উপস্থিত হন।  স্লোগান দেন।  মিছিল করেন।  নাহিদ সুলতানা এখনও নিয়মিত শাহবাগে জনতার কাতারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে হাজির হন।