সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের উদ্বেগ
সীমান্তে হতাহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলনে বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরেন।
দু’দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে এই সম্মেলন সোমবার শুরু হয়।
অন্যদিকে বিএসএফ মহাপরিচালক সুভাষ যোশী ভারতের ২৫ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বাংলাদেশ উদ্বেগ প্রকাশের পর হতাহতের ঘটনা বন্ধে নিজেদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সুভাষ যোশী।
বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে বাংলাদেশি নাগরিকদের হত্যা, অবৈধ পারাপার, অনুপ্রবেশসহ সীমান্ত সমস্যা নিয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
এ ছাড়া আন্তঃসীমান্ত সন্ত্রাস, সহিংসতা বন্ধে করণীয় নির্ধারণেও আলোচনা হয়েছে। বৈঠকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে যৌথ টহলের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানে অদূর ভবিষ্যতে ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশল’ গ্রহণের বিষয়েও একমত হয়েছে বিজিবি ও বিএসএফ।
