চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল স্বামী-স্ত্রী মেয়ে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন দীঘা গ্রামের মনসের আলীর ছেলে দুরুল হুদা (৩০), দুরুলের স্ত্রী মাকসুদা খাতুন (২৫) ও তাদের মেয়ে সোনিয়া (৪)।
দুরুল হুদার মা জহুরুন বেওয়ার বরাত দিয়ে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাটির দোতালা ঘরের ওপরের তলায় রাতে স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন দুরুল হুদা। নিচের কক্ষে বড় নাতনী ফুলকিকে নিয়ে ছিলেন জহুরুন বেওয়া।
“রাত ২টার দিকে চিৎকারে ঘুম ভেঙে ছেলের ঘরে আগুন দেখতে পান জহুরুন। এরপর প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।”
পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে গোমস্তাপুর থানার ওসি বজলুর রশিদ জানান।
তিনি বলেন, মাটির ঘরের ওপরের তলা থেকে বের হতে পারেননি দুরুল হুদা ও তার স্ত্রী-কন্যা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
