রাঙামাটিতে যৌন হয়রানির অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার
রাঙামাটিতে কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত অরূপ কুমার মুৎসুদ্দী জীবতলী চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বৃহস্পতিবার বিকালে শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিগ্যাল এইড ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় যৌন হয়রানি শিকার এক স্কুলছাত্রীর অভিভাবক বাদি হয়ে অরূপ মুৎসুদ্দীর বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
ব্লাস্টের রাঙামাটি জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জুয়েল দেওয়ান জানান, অভিযুক্ত শিক্ষক ওই স্কুলের অন্তত চারজন ছাত্রীকে যৌন নির্যাতন করেছে।
এ মামলায় ব্লাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের যাবতীয় আইনি সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।
এদিকে ওই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন করেছে।
