নিরাপত্তা বেষ্টনীতে আটকে গেলেন মন্ত্রিপরিষদ সচিব
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সচিবকেও আটকে দিয়েছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের ঘটনার পর বিকালে বঙ্গভবন থেকে বের হওয়ার সময় মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে আবার আটকে দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২টায় উপস্থিত হওয়ার পর ভিভিআইপি টার্মিনাল থেকে টারমাকে যাওয়ার কাচের দরজাটি বন্ধ করে দেয়া হয়।
টারমাকে লাল গালিচার দু’দিকে আওয়ামী লীগের নীতিনির্ধারকসহ মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছাত্রলীগের কয়েকজন নেতাও তখন দাঁড়িয়েছিলেন।
লাউঞ্জে তখন ছিলেন ইকবালুর রহিম, শাহিদা তারেখ দীপ্তি, নাজমা আক্তার ও অপু উকিলসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য। তারা টারমাকে যাওয়ার চেষ্টায় ছিলেন, তবে এসএসএফ তাদের আটকে দেয়।
ওই সময় মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ওই কাচের দরজার সামনে দাঁড়িয়ে খোলার চেষ্টা করলে বিপরীত দিকে দাঁড়ানো এক এসএসএফ সদস্য বলেন, কাউকে বাইরে যেতে দেয়া হবে না।
সচিব নিজের পরিচয় দেয়ার পরও তার পথ আটকে রাখা হয়। তখন সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক বলেন, উনি তো মন্ত্রিপরিষদ সচিব। ওনাকে টারমাকে যেতে হবে।
একই সঙ্গে জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তা মোশররাফ হোসাইনও টারমাকে তার থাকাটা কেন জরুরি তা বলেন। তখন তার জন্য দরজা খুলে দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব যখন কাচের দরজা পেরুচ্ছিলেন, তখন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দীপ্তি দরজার সামনে দাঁড়িয়ে থাকা এসএসএফ সদস্যকে ঠেলে বেরিয়ে যান।
বেলা ৩টার দিকে মোশাররাফ হোসাইন বঙ্গভবনের গাড়িবারান্দার সামনের বড় দরজা দিয়ে বের হতে গেলে পিজিআর সদস্যরা তাকে আটকে দেয়।
সাধারণ মানুষরা রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে সারিবদ্ধ হয়ে দরবার হলে যেতে ওই ফটক দিয়ে ঢুকছিলেন। ভিড় বেড়ে যাওয়ায় তা সামলাতে হিমশিম খেতে হচ্ছিল পিজিআর সদস্যদের।
ওই সময় মন্ত্রিপরিষদ সচিব দরবার হল থেকে ওই ফটক দিয়ে বের হতে চাইলে পিজিআরের এক সদস্য বলে ওঠেন- “এই গেইট দিয়ে বের হওয়া যাবে না। যান যান।”
এই পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে উল্টো দিকের দরজার দিকে এগোতে থাকেন মোশাররাফ হোসেন।
