হবিগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান
হবিগঞ্জ সদর উপজেলায় আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।
বুধবার গভীর রাতে উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে আব্দুল মতিনের টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে ফলের দোকান, পোলট্রি দোকান, জুতার দোকান, পান সুপারির দোকান, খাবারের দোকান ইতাদি। এ সময় মার্কেটের পেছনের একটি গ্যারেজে রাখা ১০টি রিকশা পুড়ে যায়।
দমকল বাহিনীর সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
