রাবির নিবন্ধক-প্রক্টরসহ ৪ কর্মকর্তার পদত্যাগ
নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের ১৮ ঘণ্টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিবন্ধক-প্রক্টরসহ প্রশাসনের চার কর্মকর্তা পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক এম এ বারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও জনসংযোগ প্রশাসক চিত্তরঞ্জন মিশ্র।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্যের কাছে পদ থেকে অব্যাহতির আবেদন করেন তারা।
নতুন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে এটা পদত্যাগ নয়। নতুন প্রশাসন ঢেলে সাজানোর নতুন পথ আর কী। আমরা সবাই একসাথে আছি, থাকব।”
তিনি আরো বলেন, “ইতোমধ্যে রেজিস্ট্রার (নিবন্ধক) হিসেবে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক নজরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অন্য পদগুলোও খুব শিগগির পূরণ করা হবে।”
তবে নতুন প্রশাসনের সাফল্য কামনা করেছেন তিনি।
বুধবার বিকালে চার বছরের জন্য উপাচার্য হিসেবে মুহাম্মদ মিজান উদ্দিন ও উপ-উপাচার্য হিসেবে চৌধুরী সারওয়ার জাহান নিয়োগ পান। সন্ধ্যায়ই দায়িত্ব নেন তারা দুজন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য ছিলেন অধ্যাপক আব্দুস সোবহান। উপউপাচার্য ছিলেন অধ্যাপক নুরুল্লাহ।
