২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার পোলারে কোলে ফিরাইয়া দেন’

অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার হাতে আটক চাঁদপুরের সাইফুল ইসলামের পরিবার দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আল-ইমরান শোভন, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

সাইফুলের বৃদ্ধা মা রশিদা বেগম কাঁদতে কাঁদতে বলেন, “তার (সাইফুল) আয়েই আমগো সংসার চলত। এহন তারে হারাইয়া আমরা অসহায় হইয়া পড়ছি। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার পোলারে আমার কোলে ফিরাইয়া দেন। আমি আর কিছুই চাই না।”

গত ১৩ মার্চ সন্ধ্যায় কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ঢোকায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের উত্তর ডুমুরিয়া গ্রামের মোখলেছুর রহমান বেপারীর ছেলে সাইফুলসহ পুলিশের ৩ কনস্টেবল নাসাকা বাহিনীর হাতে আটক হয়।

এ নিয়ে নাসাকা বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক হলেও চার বাংলাদেশি নাগরিককে ফেরত পায়নি বিজিবি।

৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার ছোট সাইফুল। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে স্থানীয় একটি দোকানে দর্জির কাজ শেখেন তিনি।

মেঝ ভাই মানিক বেপারির লেপ-তোষকের ব্যবসার সুবাদে কক্সবাজারের উখিয়ায় থাকতেন সাইফুল। ভাইদের আলাদা সংসার, তাই সাইফুলের রোজগারের টাকায় বাড়িতে চলতেন বৃদ্ধ বাবা-মা।

উখিয়ায় অবস্থানরত মানিক বেপারী জানান, তিনি নিয়মিত স্থানীয় বিজিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা সাইফুলকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে।

সাইফুলের প্রতিবেশীরা জানান, সাইফুলের আটকের কথা শুনার পর থেকেই তার মা রশিদা বেগমের ঘরে রান্নাবান্না বন্ধ। বৃদ্ধ বাবা মোখলেছুর রহমানও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইফুল ছেলে হিসাবে সহজ-সরল প্রকৃতির। সে নির্দোষ। ভুল কইরা দেশের সীমানা পাড় হইছে। আমার ছেলেরে সরকার অক্ষত অবস্থায় জীবিত ফিরাইয়া আনুক- এটাই আমার চাওয়া।”

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, সকলেই চায়, সাইফুলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।