রাষ্ট্রপতির মৃত্যুতে খালেদার সফরসূচিতে পরিবর্তন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বগুড়া ও জয়পুরহাট সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেছেন। দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে। সেজন্য বিরোধী দলীয় নেতার ২২ ও ২৩ মার্চের সফরসূচি পরিবর্তন করে ২৩ ও ২৪ মার্চ হবে।”
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মারা যান। তার মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বেলা ১২টার পর রাষ্ট্রপতির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির মরদেহ বঙ্গভবনে নেয়া হয়। সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে দুপুরে বঙ্গভবনে যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর বগুড়া ও জয়পুরহাটে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে শুক্র ও শনিবার বগুড়া ও জয়পুরহাট যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপার্সনের।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ওই সংবাদ ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
