২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৩০ বিঘা জমি মেঘনায় বিলীন

মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় আকস্মিক ভূমিধসে প্রায় ৩০ বিঘা ফসলি জমি মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার দুপুরে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সিমান্ত এলাকায় এ ধস হয় বলে এলাকাবাসী জানান।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে আগে কেউ অভিযোগ করেনি। তবে কী কারণে ভূমিধস ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসী জানান, মেঘনার তীর ঘেষে ড্রেজিংয়ের পাইপ দিয়ে বালু তোলার কারণেই এ ভূমিধস হয়েছে। এতে তাদের আলু, পটল, পিঁয়াজ, সরিষা, মরিচসহ নানা রবিশস্য হারিয়ে গেছে নদীতে।

সাত বছর আগেও এখানে ওই এলাকায় একইভাবে ভূমিধসের ঘটনা ঘটেছিল বলে তারা জানান।

ঘটনাস্থলে উপস্থিত সোনারগাঁও উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালু উত্তোলনের কারণে ভূমিধসের ঘটনা ঘটতে পরে, তবে শুধু সেকারণে এটি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বালু মহাল ইজারাদার মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর মোহনায় এই এলাকার অবস্থান হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমিধসের ঘটনা ঘটতে পারে।