অসামান্য জননেতা হারালো দেশ: ব্র্যাক প্রধান
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।
বুধবার এক শোক বার্তায় ফজলে হাসান আবেদ বলেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নিঃস্বার্থ অবদান এবং নিরলস সাধনা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
“রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এই অপ্রত্যাশিত মৃত্যুতে বাংলাদেশ একজন অসামান্য জননেতা এবং দেশপ্রেমিক হারালো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি অঙ্গনে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিগত ৪১ বছর ধরে জাতীয় সংহতি নির্মাণে তাঁর নিঃস্বার্থ অবদান এবং নিরলস সাধনা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”
রাষ্ট্রপতির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “তিনি শুধু একজন বিশেষ বন্ধুই ছিলেন না, তাঁর দিকনির্দেশনা এবং পরামর্শ আমার জন্য ছিল অতি মূল্যবান।”
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচ বারের সংসদ সদস্য জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন জিল্লুর রহমান। অসুস্থতার কারণে গত ১০ মার্চ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
তার মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
