পদ্মায় স্নানে গিয়ে তিন শিশুর মৃত্যু
রাজশাহীর বাঘা উপজেলায় বুধবার পদ্মা নদীতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার চকরাজাপুর গ্রামের এই তিন শিশু হল তারা মোল্লার মেয়ে রানী খাতুন (৭), বাক্কার মোল্লার মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও লালন মোল্লার মেয়ে পপি খাতুন (১০)।
তারা সবাই চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
তাদের প্রতিবেশি আজিজুল বিশ্বাস বলেন, বাক্কার মোল্লার বড় মেয়ে তানিয়া (১০) এই তিন বোনকে সঙ্গে নিয়ে বেলা ২টার দিকে পদ্মা নদীতে গোসল করতে যায়।
গোসল করতে নেমে তারা চারজনই গভীর পানিতে চলে যায়। এদের মধ্যে শুধু তানিয়া সাঁতার জানে।
তানিয়ার চিৎকার শুনে ঘাটের লোকজন তাকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে বাকি তিনজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক দিলারা খাতুন বলেন, হাসপাতালে আসার আগেই তিন শিশু মারা গেছে।
প্রতিবেশি বাবলু দেওয়ান বলেন, বিকালে সাড়ে ৫টার দিকে তিন শিশুর মৃতদেহ হাসপাতাল থেকে চকরাজাপুর গ্রামের নিয়ে যাওয়া হয়। রাতে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করার কথা রয়েছে।
তিন শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বাঘা থানার এসআই মাকসুদুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে তারা পুলিশকে খবর দেয়নি। তবে এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।
