২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইলেন রাব্বি

নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ সাতজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে রফিউর রাব্বী এই লিখিত আবেদন দেন।

আবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ থানার মামলায় (নং ৮/৩২০১৩) সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা আপনার অবগতির জন্য দেয়া হল। এখানে সুনির্দিষ্ট ৭ জনের নামসহ অজ্ঞাত পরিচয় ৮-১০ জনের কথা উল্লেখ রয়েছে।

তালিকার কয়েকজন ইতোমধ্যে দেশ ত্যাগ করেছে বলে শোনা গেছে। আরো কয়েকজন আগামী ২-১ দিনের মধ্যে দেশত্যাগ করতে পারে বলেও জানা গেছে।

এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তালিকাভুক্ত ব্যক্তিদের নজরদারীতে রাখা এবং তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।

সোমবার (১৮ মার্চ) রাতে রফিউর রাব্বি পুলিশ সুপারকে এক অবগতিপত্র দিয়ে ত্বকী হত্যার জন্য ৭ জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এই সাত জন হলেন শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, সালেহ রহমান সীমান্ত (সম্প্রতি জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে), রিফাত (বুধবার সকালে গ্রেপ্তারকৃত), জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব দাস ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, “রফিউর রাব্বির দেওয়া একটি চিঠি আমি পেয়েছি “

গত ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। দুইদিন পর ৮ র্মাচ সকালে শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।