২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর জামিন আবেদন

পিরোজপুর সদর ও জিয়ানগর থানায় দায়ের করা যুদ্ধাপরাধের দুটি মামলায় জামিনের আবেদন করেছেন মানবতা অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

তার আইনজীবী  মিজানুল ইসলাম বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন করেন।

পিরোজপুর সদর ও জিয়ানগর থানায় সাঈদীর বিরুদ্ধে ওই মামলা দুটি দায়ের করা হয় ২০১০ সালে। পরে তা বিচারের জন্য ট্রাইব্যুনালের স্থানান্তর করা হয় এবং সেখানেই গত ২৮ ফেব্রুয়ারি তার ফাঁসির রায় আসে।  

সেই মামলা দুটির অনুলিপি সরবরাহ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেয়ারও আবেদন করেছেন সাঈদীর আইনজীবী।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর আসামিপক্ষের আইনজীবীকে প্রশ্ন করেন, “আপনি একজন দণ্ডিতের জন্য জামিন চাইছেন?”

মিজানুল ইসলাম এ সময় ট্রাইব্যুনালকে বলেন, “যে সব অভিযোগে সাঈদীর মৃত্যুদণ্ড হয়েছে তার জন্য জামিন আবেদন করা হয়নি। এই আবেদন অন্য দুটি মামলায়।”

এসব মামলা ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলোতে জামিন দেয়া এখন ট্রাইব্যুনালের এখতিয়ারে।

এরপর এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন বিচারক।

ওই দিন জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার জন্যও মিজানুল ইসলামকে নির্দেশ দেয় আদালত।