হরতালে সহিংসতায় রাজধানীতে ১৩ মামলা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মঙ্গলবারের হরতালে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা হয়েছে।
মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব মামলার মধ্যে নয়টি করা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে; আর দুটি হয়েছে দ্রুত বিচার আইনে।
তিনি জানান বিস্ফোরক দ্রব্য আইনে কলাবাগান থানায় একটি, মুগদা থানায় একটি, মোহাম্মদপুর থানায় একটি, মিরপুর থানায় দুটি, বাড্ডা থানায় তিনটি ও বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দ্রুতবিচার আইনের মামলা দুটি হয়েছে ওয়ারি ও কদমতলী থানায়।
এছাড়া হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অন্যান্য ধারায় একটি করে মামলা হয়েছে খিলগাঁও ও কাফরুল থানায়।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে সোম ও মঙ্গলবার টানা দুদিন হরতাল করে বিরোধীদলীয় জোট।
হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হরতালে নাশকতার তাৎক্ষণিক শাস্তি দিতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বসে। পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়ার চেষ্টা এবং হাতবোমার বিস্ফোরণের ঘটনায় তিনজনকে কারাদণ্ড দেয় আদালত।
