২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসাভাড়া দিতে না পারায় শেকলে বেঁধে নির্যাতন

সময়মতো ভাড়া পরিশোধ করতে না পারায় গাজীপুরের কোনাবাড়িতে এক ভাড়াটিয়াকে শেকলে বেঁধে দিনভর নির্যাতন করার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 06:52 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

পুলিশ জানায়, ওই বাসার মালিক তোফাজ্জল হোসেন মঙ্গলবার সকাল থেকে ভাড়াটিয়া ফরিদ মিয়াকে খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেধে নির্যাতন করেন।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ফরিদকে উদ্ধার করে এবং পরে তোফাজ্জলকেও গ্রেপ্তার করা হয়।

পেশায় ভ্যানচালক ফরিদ নেত্রকোনার কৃষ্ণার চর গ্রামের বাবুল মিয়ার ছেলে। ৮ মাস আগে কোনাবাড়ির হরিণাচালা পারিজাত এলাকায় তোফাজ্জলের বাসাটি ভাড়া নেন তিনি।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিমাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দেয়ার কথা থাকলেও হরতাল ও পারিবারিক কারণে অর্থ সংকটে পড়েন ফরিদ। ফলে তার এক মাসের ভাড়া বকেয়া পড়ে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির মালিকের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হয় ফরিদের। তিনি অর্থ সঙ্কটের বিষয়টি বাড়িওয়ালাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এরপর ফরিদ বাড়ি ছেড়ে দেবেন জানালে তোফাজ্জল ও তার লোকজন ফরিদকে বেধে রাখে বলে এসআই মোস্তফা জানান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়ি থেকে ভাড়াটিয়া ফরিদকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তোফাজ্জল তখন সরে পড়লেও রাত ১০টায় বাড়ি ফেরার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মোস্তফা জানান।