বিদেশে প্রচারণা জোরদার করতে সুপারিশ
দেশের বাইরে সরকারের প্রচারণা জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগকে তথ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রস্তুত করা ‘প্রেস ব্রিফ’-এর কপি নিয়মিত বৈদেশিক মিশনগুলোতে পাঠানোর ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
“বিদেশে সরকারের প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বহিঃপ্রচার অনুবিভাগকে পুনরায় তথ্য মন্ত্রণালয়ের আওতায় আনার পদক্ষেপও নিতে বলেছে কমিটি।”
সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ্।
বৈঠকে বর্তমান সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরার জন্য প্রচার খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেলে প্রচার বাড়াতে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেগম শাহিন মনোয়ারা হক, সুকুমার রঞ্জন ঘোষ ও মো. শাহরিয়ার আলম বৈঠকে অংশ নেন।
এছাড়াও তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহম্মেদ, ডিএফপির মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তছির আহাম্মদসহ তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
