২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব চুক্তি

কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে একযোগে কাজ করবে বাংলাদেশ ও জাপান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি অংশীদারিত্ব দলিল স্বাক্ষরিত হয়েছে।

‘স্বল্প কার্বন প্রবৃদ্ধি অংশীদারিত্ব’ শীর্ষক এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এ চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ‘বাইলেটারেল অফসেট ক্রেটিড মেকানিজম’ পরিচালনার জন্য একটি যৌথ কমিটি গঠন করা হবে। কমিটিতে দুই দেশের প্রতিনিধিরা থাকবে।

মন্ত্রী জানান, যৌথ কমিটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নির্ধারণ করবে। বিশেষ করে কার্বন নির্গমন হ্রাসে প্রশমন প্রকল্প গ্রহণের জন্য দ্বিপাক্ষিক ক্রেডিট মেকানিজম ব্যবহারের প্রয়োজনীয় নীতি ও গাইডলাইন প্রণয়ন করবে।

‘বাইলেটারেল অফসেট ক্রেটিড মেকানিজমের’ আওতায় বাংলাদেশ জাপানের পরিবেশ বান্ধব প্রযুক্তি, পণ্য ও সেবা ব্যবহার করে গ্রিণহাউজ গ্যাস নির্গমন হ্রাসে সমর্থ হবে। এজন্য আর্থিক, কারিগরি ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। 

জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ তৃতীয় দেশ যার সঙ্গে জাপান এই চুক্তি স্বাক্ষর করেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রব্বানী, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরী, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া ও প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী প্রমুখ।   

 জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) অনুচ্ছদ ২ অনুসারে, ২০১২ সাল পরবর্তী সময়ে জাপান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সেই প্রতিশ্রুতির অংশ হিসাবেই জাপান কার্বন নির্গমন হ্রাসে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই করেছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ বলে ধরা হয়।