সাদুল্লাপুরে হামলায় যুবক নিহত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি মাজারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলায় সোমবার এক যুবক নিহত হয়েছেন। আহত হন অন্তত ১১ জন।
নিহত আল আমিন (৩৮) উপজেলার খোদাবক্স গ্রামের মছির উদ্দিনের ছেলে।
গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, উপজেলার ফরিদপুর ইউনিয়ের ঘেগার বাজারের একটি পীরের মাজার ও জমিজমা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একই গ্রামের শহিদুলের সঙ্গে আল-আমিনের থেকে দ্বন্দ চলে আসছিল।
এর জের ধরে সোমবার রাত ৯টার দিকে শহিদুল ইসলাম দলবল নিয়ে আল-আমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে আল আমিন ও তার ভাই তাহাদুল ইসলামের দুই পা কেটে বিচ্ছিন্ন করে দেয়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
