সংলাপ চেয়ে রিট: আদেশ বুধবার
দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে সংলাপের নির্দেশনা চেয়ে করা দুটি রিট আবেদন শুনে বুধবার আদেশের দিন রেখেছে হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ গত ১৪ মার্চ ও ডেইলি মর্নিং পোস্টের সম্পাদক ও প্রকাশক হাবিবুল বাশার ১৮ মার্চ এই রিট আবেদন দুটি করেন।
ইউনূস আলী আকন্দ নিজেই মঙ্গলবার আদালতে শুনানি করেন।
‘রাজনৈতি সংকট’ কাটাতে এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য নির্দেশনা দিতে এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান ত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে কেন র্নিদশনা দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল চাওয়া হয় ইউনুস আলীর রিটে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে তার আবেদনে।
হাবিবুল বাশারের আবেদনেও একই ধরনের রুল চাওয়া হয়েছে।
শুনানিতে ইউনুস আলী বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশের মানুষের স্বার্থে এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান ত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে নির্দেশনা প্রয়োজন।”
আদালত এ সময় বলে, সংলাপ ও নির্বাচন নিয়ে তো সংবিধানেই বলা আছে।
জবাবে আবেদনকারী বলেন, বর্তমানে দুই প্রধান দলের মধ্যে বিদ্বেষপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আদালতের নির্দেশনা প্রয়োজন।
পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন রাখে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে আসছে।
এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি বলেন, সংলাপে তার দলের আপত্তি নেই, তবে বিএনপিকে আলোচনায় আসতে হবে শর্ত ছাড়া।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংলাপের সম্ভাবনা নাকচ করে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
