২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪০

বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে সুনামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুনামগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার দুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করতে গিয়ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকরা। এ সময় পাঁচ পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন বলে পুলিশ জানায়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাফর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছফিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে হরতালবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

বিস্ফোরণের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মীরা হরতাল সমর্থকদের ধাওয়া দেয়। পরে হরতাল সমর্থকরাও পাল্টা ধাওয়া করে।

একপর্যায়ে শহরের মধ্যবাজার ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।