বাগেরহাটে ট্রাকে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সবজিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে বাগেরহাট-পিরোজপুর সড়কের বলভদ্রপুর এলকায় ওই ট্রাকে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ।
পরে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
সবজিবোঝাই ট্রাকটি খুলনা থেকে পিরোজপুর যাচ্ছিল।
মহিষপুরা পুলিশ ফাঁড়ির এসআই আশরাফুল আলম জানান, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানোর পর ২০/২৫ জন যুবক ট্রাকটি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
“তারা ট্রাক চালক রেজাউল করিমকে মারধর করে তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়।”
এদিকে মঙ্গলবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের নতুনকোর্ট এলাকা থেকে হরতালের সমর্থনে ১৮ দলীয়জোটের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। দশানী ট্রাফিক মোড় হয়ে বাগেরহাট শহরে শেষ হয় এ মিছিল।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম.এ সালাম, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা আব্দুল ওয়াদুদ মিছিলে অংশ নেন।
সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
তবে জেলার কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
