২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের দ্বিতীয় দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 07:47 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকা এবং চানখারপুল ও নিমতলী মোড় থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে মল চত্ত্বর এলাকায় দুটি, সোয়া ১২টার দিকে টিএসসি এলাকায় দুটি এবং অমর একুশে হলের দিকে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।

ওই হলের সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি হাতবোমা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এর আগে সোমবার দুপুর ও রাতেও হাকিম চত্বর, টিএসসি ও ফুলার রোড এলাকায় সাতটি হাতবোমা ফাটানো হয়।

বিশ্ববিদ্যালয়ে এসব বিস্ফোরণ কারা ঘটাচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, “যারা হরতাল ডেকেছে তারাই ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব ঘটাচ্ছে।”

এদিকে হরতাল চলাকালে রাজধানীর চানখারপুল ও নিমতলী মোড় থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।

শাহবাগ পুলিশের পেট্রোল ইন্সপেকটর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে নিমতলী মোড়ে টহল দেয়ার সময় পুলিশ সদস্যরা প্যাকেটে মোড়ানো অবস্থায় হাতবোমাগুলো উদ্ধার করেন।

“হরতাল সমর্থকরা ফাটানোর জন্য ককটেলগুলো রাস্তার পাশে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।”

গত ১১ মার্চ বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোম ও মঙ্গলবার দুইদিনের এই হরতাল ডাকে বিএনপি। দুই দিনই সকালে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজির খবর পাওয়া যায়।