নাশকতা: ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে দণ্ড
হরতালের মধ্যে রাজধানীতে গাড়িতে আগুন দেয়ার চেষ্টা এবং পুলিশের দিকে হাতবোমা ও ঢিল ছোড়ার দায়ে তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে মনু মিয়া ও মোশারফ হোসনকে এক বছর এবং বিল্লাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সবুজবাগের মাদারটেক মোড় এলাকায় হরতালের সমর্থনে পেট্রোল ঢেলে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার সময় মনু মিয়াকে আটক করে পুলিশ।
সবুজবাগ থানার ওসি বাবুল মিয়া জানান, বোতলভর্তি পেট্রোলসহ হাতেনাতে আটক করা হয় মনু মিয়াকে । এরপর ভ্রাম্যমাণ আদালতের হাকিম অভিতাভ পরাগ তালুকদার তাকে এক বছরের কারাদণ্ড দেন।
এর আগে সকালে আরামবাগ কালভার্ট রোডে হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটানোর পর গ্রেপ্তার হন মোশারফ।
পুলিশের মতিঝিল জোনের পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার জানান, হরতালকারীদের বাধা দিলে মিছিল থেকে পুলিশের ওপর চারটি হাতেবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে ফাঁকা গুলি ছুড়ে ও ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিকে পুলিশের দিকে ঢিল ছোঁড়ার ঘটনায় লালবাগ মেটার্নিটি হাসপাতাল এলাকা থেকে সকালে গ্রেপ্তার হন বিল্লাল হোসেন (২৮) নামের আরেক হরতাল সমর্থক।
নির্বাহী হাকিম আবিদা আফরোজ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে ওয়ারিতে হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সজল ও সাংগঠনিক সম্পাদক এবিএম মহসীনসহ পাঁচ জনকে আটক করে পুলিশ।
ওয়ারি থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওয়ারির বনগ্রাম এলাকায় একটি মিছিল থেকে ঢিল ছোড়া হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়।
বেলা পৌনে ১১টার দিকে রমনা থানার রেইনবো ক্রসিং এলাকায় হরতাল সমর্থকদের মিছিল থেকে গাড়ি ভাংচুরের চেষ্টাকালে রিপন ও সোহেল খান নামে আরো দুজনকে আটক করে পুলিশ।
এছাড়া সকালে বাবুবাজার সেতুর কাছে পুলিশের অবস্থানের কাছে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সেতুর ওপর থেকে বোমা দুটি ছোড়া হয় বলে ধারণা করছেন তারা।
