হরতাল শেষে সন্ধ্যায় নামবে দূরপাল্লার বাস
১৮ দলীয় জোটের দুই দিনের হরতাল শেষে মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে নামবে দূরপাল্লার বাস। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিকই আছে।
মঙ্গলবার সকালে টার্মিনাল ছেড়ে দূরপাল্লার বাস বের না হলেও, রাজধানীর ভেতরে বেশকিছু রূটের বাস চলছে।
অন্যান্য হরতালের দিনের মতো সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
গাবতলি, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকে নগর পরিবহনের কিছু গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে।
গাবতলি বাস টার্মিনালের সুমন ডিলাক্সকের কাউন্টার ম্যানেজার মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার পর থেকে দুরপাল্লার বাস চলাচল শুরু করবে।
মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করছে না।
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর এবিএস মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ৬টি লঞ্চ ছেড়ে গেছে, এসেছে ৩৮টি। তবে যাত্রীসংখ্যা কিছুটা কম থাকায় দুটি লঞ্চ ছেড়ে যায়নি।
কমলাপুর স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে গেছে এবং ট্রেন এসেছে বলে জানান স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য।
গাবতলি, মাজার রোড, টেকনিক্যাল, দারুসসালাম, শ্যামলী, মহাখালী বাস টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশি চোখে পড়েছে।
