রাতে চট্টগ্রামে ৩ গাড়িতে আগুন
হরতালের মধ্যে সোমবার রাতে বন্দর নগরীতে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের দুদিনের হরতালে দিনে তেমন গোলযোগ না হলেও রাতে দুটি বাস এবং দুটি টেম্পো পোড়ানোর ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাত ৮টার দিকে মুরাদপুর ও বহদ্দার হাটের মাঝামাঝি এলাকায় সড়কে একটি বাসে আগুন দেয়া হয়।
চাঁদগাও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন দেয়াতে ওই বাসের চালক সামান্য আহত হয়েছেন।
সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানার আশকার দীঘির পাড়ে একটি টেম্পোতে আগুন দেয়া হয়।
এর দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের পশ্চিম পাশে ৬ নম্বর রুটের একটি বাসে আগুন দেয়া হয়।
হরতাল সমর্থকরাই তিনটি বাসে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে শুরু হওয়া এই হরতাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
হরতালের মধ্যে সকালে মোমিন রোডে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া বাকলিয়া ও টাইগারপাস এলাকায় দুটি অটোরিকশা ভাংচুর হয়।
এদিকে রাতে মানিকগঞ্জ বাস টার্মিনালে একটি বাসে আগুন দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন।
