বন্দরনগরীতে হরতালবিরোধী সমাবেশ
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী সমাবেশ করেছে সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটি ও আওয়ামী লীগ।
সোমবার নিউমার্কেটের দারুল ফজল মার্কেট চত্বর, জেলা পরিষদ চত্বর ও দেওয়ানহাট মোড়ে এসব সমাবেশ হয়।
দারুল ফজল মার্কেট চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি ও কমিটির আহ্বায়ক এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, “ দেশব্যাপী জামাত-শিবির ও বিএনপি আগুন জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি বন্ধ করতে পারবে না।এ ধ্বংসের আগুনে জামাত-শিবির ও তাদের রক্ষাকারীদেরকে পুড়তে হবে।”
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও নতুন প্রজন্মকে রাজপথে থেকে জামাত-শিবিরের নৈরাজ্য ও তাণ্ডব প্রতিরোধ করার আহ্বান জানান সাবেক এই মেয়র
সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোশররফ হোসেন বলেন, কোনো মুসলমান অন্য কোনো মসুলমানকে ‘কাফের ও নাস্তিক’ বলতে পারে না। যারা নতুন প্রজন্মের তরুণদের নাস্তিক আখ্যাযিত করে, তারা নিজেদেরকে নাস্তিক হিসেবে প্রমাণ করছে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামাল উদ্দিন আহমদ, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়া উদ্দিন, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, ওলামা লীগের আহ্বায়ক মাওলানা আলতাফ হোসেন চৌধুরী ও জাসদ নেতা হাসান শহীদ রানা।
নগরীর দেওয়ানহাট মোড়ে নগর আওয়ামী লীগের সমাবেশে সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বলেন, জামাত-শিবিরের তাণ্ডবলীলা সীমা ছাড়িয়ে গেছে। তাদের অশুভ তৎপরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময়।
তিনি পাড়া-মহল্লায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সালামত আলী বাবুল, আবদুস সামাত, আবদুর রহমান মিয়া, মো. ইব্রাহিম, মো. রফিক মিয়া প্রমুখ।
এছাড়া সকালে জেলা পরিষদ চত্বরে নগর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে হরতালবিরোধী সমাবেশ হয়েছে।
এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ও জামাত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সংগঠনের নগর সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, বন্দর থানা শ্রমিক লীগের সভাপতি মো. আলমগীর, রেল শ্রমিক লীগের সহ-সভাপতি অরুণ কুমার দাশ ও জহুর হকার্স মার্কেট দোকান কর্মচারী নেতা শাহাবুদ্দিন।
