২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 07:25 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার সকালে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয় বলে জানায় পুলিশ।

নিহত ছাবু মিয়া (৫০) পশ্চিম বুল্লা গ্রামের মিয়া ধন আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে লাখাই থানার ওসি নাজিম উদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম লিয়াকতের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের পূর্ব বিরোধ আছে। দু’জনের বাড়িই পশ্চিম বুল্লা গ্রামে।

এরই জের ধরে রোববার দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। সোমবার সকাল  সাড়ে ৮টায় দু’পক্ষের লোকজন লাঠিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছাবু মিয়াসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১১টায় ছাবুর মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় কামাল মিয়া (৩০), ময়না মিয়া (৩৫), কোরবান আলী (১৮) ও খোকন মিয়াকে (১৮) ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত আরো অন্তত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।