গাড়িতে বোমা নিক্ষেপ, ৩ চিকিৎসক আহত
হরতালের আগের দিন রাজধানীর হাতিরঝিল এলাকায় চলন্ত গাড়িতে নিক্ষিপ্ত হাতবোমায় আহত হয়েছেন তিন চিকিৎসক।
আহতরা হলেন- ওমর ফারুক, রফিকুল আলম ও মো. রায়হান। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বলে পুলিশ জানিয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন রোববার ঢাকার বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এরই মধ্যে রাত সাড়ে ৮টার দিকে তিন চিকিৎসক হাতিরঝিল এলাকা দিয়ে গাড়িতে যাওয়ার সময় হাতবোমা হামলার শিকার হন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িতে একটি ককটেল নিক্ষেপ করলে তারা আহত হন। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
