ঢাকায় ৯ গাড়িতে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে অন্তত নয়টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
কল্যাণপুর, ফার্মগেইট, মালিবাগ, কাকরাইল, খিলগাঁও, চানখারপুল এবং বায়তুল মোকাররম এলাকায় রোববার গাড়িতে আগুন দেয়ার এই ঘটনাগুলো ঘটে বলে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সোম ও মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে ১৮ দল।
ওই হরতালের সমর্থকরাই গাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশের দাবি।
দুপুর ১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকের কাছে নিউ ভিশন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের রমনা বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোস্তফা মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এর আধা ঘণ্টা পর মালিবাগের আয়েশা শপিং কমপ্লেক্সের কাছে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় বলে জানান রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত তিনি বলেন, “কয়েকটি ছেলে দৌড়ে চলে যাওয়ার পর বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।”
দুপুর ২টার দিকে ফার্মগেইটের আনন্দ সিনেমা হলের সামনে ৬ নম্বর রুটের (মতিঝিল-গুলশান) একটি বাসে আগুন দেয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলীম।
দুপুর ৩টার দিকে কল্যাণপুরে খালেক পেট্রোল পাম্পের সামনে সংগ্রাম পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
প্রায় একই সময়ে নিউ ইস্কাটনে বিয়াম ভবনের গলিতে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হলেও তা নিভিয়ে ফেলা হয়।
অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান সন্ধ্যা পৌনে ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার পর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে, মিরপুর ১২ নম্বর এবং কাকরাইল মসজিদের সামনে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়।
সন্ধ্যা ৭টার দিকে চানখারপুলে একটি বাস পুড়তে দেখা যায়।
