২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে বঙ্গবন্ধুর কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 04:53 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

বঙ্গবন্ধুর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সরকারের পাশাপাশি নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো। দিনটি পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস হিসাবে।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে কার্যত তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান হিসাবে দলের সভাপতিমণ্ডলী, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগেই সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টার দিকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় সশস্ত্র সালাম জানায়।

এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শেখ হাসিনার পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় গ্রন্থমেলা ও শিশু-কিশোর সমাবেশের আয়োজন করা হয়েছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে।