২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি-জামায়াত সংখ্যালঘুদের বন্ধু হতে পারে না’

যুদ্ধাপরাধীদের বিচার যারা চায় না, তারা সংখ্যালঘুদের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

Image
নীতিমালার 'ঘেরাটোপ' চান না অ্যাটর্নি জেনারেল

নীতিমালার 'ঘেরাটোপ' চান না অ্যাটর্নি জেনারেল

তিনি প্রশ্ন রাখেন, যুদ্ধাপরাদীদের বিচার বন্ধ করতে জামায়াত ও বিএনপি সারা দেশে যে তান্ডব চালিয়েছে, এরপর তারা আবার সংখ্যালঘুদের বন্ধু হতে চায় কীভাবে?

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালী মান্দ্রা গ্রামে জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মনিপাড়া কালী মন্দির পরিদর্শনে গিয়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এই কালী মন্দির পরিদর্শনে একই দিন লৌহজং যান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। খালেদার আগমনের দিন মুন্সীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

মাহবুবে আলম হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “মন্দিরে যারা আগুন দিয়েছে, তারা যেন আমার ঘরে আগুন দিয়েছে। আমি কোন মায়া কান্না করতে এখানে আসিনি। আপনাদের পাশে আমি সব সময়ের জন্য থাকবো। কারো মায়া কান্নায় আপনারা ভুলবেন না।”

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য নগদ ৫০ হাজার টাকা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্রের হাতে তুলে দেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সারা দেশে ব্যাপক তাণ্ডব শুরু করে জামায়াত-শিবির। বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি-মন্দিরেও হামলা ও ভাংচুর চালায় তারা।  

লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন, আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য জাকির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রানু আক্তার প্রমুখ।