২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাইব্যুনালে জামায়াতের লোক থাকায় ফাইল পাচার হচ্ছে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জামায়াতের লোক’ থাকায় সেখান থেকে গোপনীয় ফাইল পাচার হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন শাহরিয়ার কবির।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 01:28 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “প্রশাসনের সবখানেই জামায়াতের লোক রয়েছে। জামায়াত যখনই ক্ষমতায় এসেছে তখনই প্রশাসনের এমন কোনো জায়গা নেই যেখানে তাদের লোক বসায়নি।

“বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করেছে, আর জামায়াত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লোক বসিয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এই ভারপ্রাপ্ত সভাপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, “ট্রাইব্যুনাল এখনো খুড়িয়ে খুড়িয়ে চলছে। আগামীতে মহাজোট ক্ষমতায় যেতে না পারলে খালেদা জিয়া ক্ষমতায় এসে এই ট্রাইব্যুনালেই যুদ্ধাপরাধীদের বিচারের নামে মুক্তিযোদ্ধাদের বিচার করবে।”

সংগঠনের জেলা শাখার সভাপতি ফয়জুর রহমান ফকিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কাজী মুকুল, মানবাধিকার কমিশনের জেলা সভাপতি অ্যাডভোকেট এ এইচএম খালেকুজ্জামান, সিপিবির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিল্লাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আমীর আহম্মেদ চৌধুরী রতন প্রমুখ।