আশুলিয়ায় জাগরণের মঞ্চ প্রস্তুত
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত নিষিদ্ধের দাবিতে আশুলিয়ায় গণজাগরণ সমাবেশের জন্য প্রস্তুত হয়েছে মঞ্চ।
শুক্রবার বিকাল ৩টায় আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের সামনে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতারা।
গণজাগরণ মঞ্চের সংগঠক ও ছাত্র মৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাগের বাইরে আগের সমাবেশগুলোর মতোই আশুলিয়ায় বক্তব্য দেবেন ব্লগার ও ছাত্র নেতারা।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উদ্ভূদ্ধ স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান তিনি।
আশুলিয়ার গণজাগরণ সমাবেশকে সফল করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় ব্লগার ও ছাত্রনেতাদের একটি সভা হয়। এছাড়া আরো কয়েক দফা আলোচনা করেন তারা।
এদিকে চট্রগ্রামের মতো আশুলিয়াতেও হেফাজতে ইসলাম নামের সংগঠনটি জাগরণ মঞ্চের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার মধ্য গাজীরচটের ইউনিভার্সাল প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্টারগার্টেন স্কুলে সংবাদ সম্মেলন করে থানা হেফাজতে ইসলামী ও স্থানীয় ওলামা কল্যাণ পরিষদ এই ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেফজতে ইসলামীর আশুলিয়া থানার আহ্বায়ক কমিটির সচিব মুফতি মনির হোসেন মুন্সী বলেন, যে কোনো মূল্যে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের তারা প্রতিহত করবেন।
আশুলিয়াতেও চট্টগ্রামের মতো ১৪৪ ধারা জারি হলে কি করবেন- এমন প্রশ্নের জবাবে বাপ্পাদিত্য বলেন, “আমরা যদি এখানে সমাবেশ না করি, তাহলে এক সময় দেখা যাবে শাহবাগে সমাবেশ ডেকে ওর আমাদের সমাবেশ করতে দিচ্ছে না। আশুলিয়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশ হবেই।”
ওসি বলেন, বিস্ফোরণের স্থান দুটি গণজাগরণ মঞ্চের সমাবেশস্থল থেকে দেড়-দুই কিলোমিটার দূরে। তবে কারা ও কী কারণে হাতবোমা ফাটিয়েছে তা স্পষ্ট নয়।
আশুলিয়ার সমাবেশ সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ঘিরে ৫০টি ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল র্যাব ও পুলিশ।
ফ্যান্টাসি কিংডমের সামনে বৃহস্পতিবার রাতেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। স্থানীয় ছাত্র জনতা দুপুর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেছেন।
আশুলিয়ায় সমাবেশ হলেও শাহবাগ প্রজন্ম চত্বরের কর্মসূচিও অব্যহত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বিকালে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গণসঙ্গীত পরিবেশন করবে। গানের ফাঁকে ফাঁকে চলবে রাজাকারদের ফাঁসি দাবির স্লোগান।
