২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বারে এগিয়ে বিএনপি সমর্থকরা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিএনপি সমর্থক আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

২০১৩-১৪ কার্যবর্ষের নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এ জে মোহাম্মদ আলী এগিয়ে রয়েছেন। সম্পাদক পদে এগিয়ে রয়েছেন একই প্যানেলের মাহবুব উদ্দিন খোকন।

সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সংসদ সদস্য খোকন বিএনপির যুগ্মমহাসচিব।

দুদিন ব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে বৃহস্পতিবার গভীর রাতেও ভোট গণনা চলছিল।

নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নুর হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪ হাজার ৪৫ জন ভোটারের মধ্যে ৩ হাজার ২০০ জন ভোট দিয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার এবং সম্পাদক পদে মো. রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আগে সরকার সমর্থকরা বিভক্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত তারা এক মঞ্চে আসেন।

রাত সোয়া ১টা পর্যন্ত গণনায় দেখা যায়, সভাপতি পদে ১৫৬৯ ভোট পেয়েছেন মোহাম্মদ আলী, তার প্রতিদ্বন্দ্বী বাসেত মজুমদার পেয়েছে ১২৪৯ ভোট।

সম্পাদক পদে খোকন পেয়েছেন ১৫৮৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রবিউল পেয়েছেন ১২৭৬ ভোট।

অন্য পদগুলোর অধিকাংশগুলোতে আইনজীবী ঐক্য পরিষদের সদস্যরা এগিয়ে আছেন।

ঐক্য পরিষদের নেতা ও সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, “আমরা বিজয়ী হতে চলছি।”

গত নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জয়নুল আবেদীন বিজয়ী হলেও সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদ পেয়েছিল সরকার সমর্থক আইনজীবীরা।