২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরণের ফানুস উড়ল আকাশে

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশে উড়েছে একগুচ্ছ ফানুস।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 05:37 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল বছরটির স্মরণে একাত্তরটি ফানুস বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়ানোর এই আয়োজন ছিল সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি’র।

সাতদিনব্যাপী সাংস্কৃতিক মেলার পঞ্চম দিনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এই কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক অনোয়ার হোসেনও ছিলেন।

আয়োজকদের আশা, বৃহৎ এই ফানুস উৎসব সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণে চেতনা জাগাবে।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “সারাদেশে তরুণ প্রজন্মের জাগরণের যে শুভসূচনা হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশ থেকে সব অপশক্তি চিরদিনের জন্য বিদায় নিতে বাধ্য হবে।”

জলসিঁড়ির সম্পাদক পার্থ প্রতীম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফানুসের এই জলন্ত বহ্নিশিখা অশুভের বিপরীতে মঙ্গল চেতনার বিজয়।”

মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসেবে এর চেতনাকে ছড়িয়ে দেয়ার দায়িত্ববোধ থেকেই এই আয়োজন, বলেন তিনি।

ফানুস উৎসব ছাড়াও চারটি নাটক, গান, মানিকগঞ্জের বিশ্বরূপ পুতুল নাচ দিয়ে সাজানো হয় ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক ১১ বছরের পুরোনো সংগঠন জলসিঁড়ির এবারের সাতদিনের অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকা থেকে অনেকে এই উৎসবে যোগ দেন।