এ্যানির বিরুদ্ধে মানহানির মামলা প্রবাসী কল্যাণমন্ত্রীর
প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় বিএনপি নেতা ও সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।এতে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।
বৃহস্পতিবার মন্ত্রীর আইনজীবী সুবল চন্দ্র সাহা ফরিদপুরের যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) আদালতে মামলাটি করেন।
বিচারক রাফিজুল ইসলাম মামলাটি আমলে নিলেও আদেশের দিন নির্ধারণ করেননি।
ওই আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ ফেব্রুয়ারি ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সমাবেশে বিএনপি নেতা এ্যানি তার বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রীকে ‘চিহ্নিত যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে তার গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
ওই দিন তার এই বক্তব্য বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন-এ সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টার সংবাদে প্রচারিত হয়।
সুবল চন্দ্র সাহা জানান, ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি তার মক্কেল সাংসদ এ্যানির এমপি হোস্টেলের বাসায় লিগ্যাল নোটিস পাঠান। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্যের পক্ষে দালিলিক প্রমাণ না দেখাতে পারলে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।
এ্যানির পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে মামলাটি করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
