দেশে চালাতে উড়োজাহাজ কিনছে বিমান
অভ্যন্তরিণ রুটে চালানোর জন্য ৪০ থেকে ৫০ আসনের দুটি ছোট উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
উড়োজাহাজ সঙ্কটে বিমানের সাতটি অভ্যন্তরীণ রুটের মধ্যে পাঁচটিই বন্ধ হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। বিভিন্ন রুটের আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ ফ্লাইট হিসাবে এতোদিন শুধু সিলেট ও চট্টগ্রামে ফ্লাইট চলিয়ে আসছে বিমান।
এ বিমান পরিবহন সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি অভ্যন্তরিণ রুটে যাত্রী কিছুটা বেড়েছে। এ কারণে বিমান উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। দুটি টারবো জাতীয় উড়োজাহাজ কেনার একটি প্রস্তাব বোর্ড অনুমোদনও করেছে।”
শিগগিরই এর টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি।
এই কর্মকর্তা বলেন,“আশা করা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে উড়োজাহাজ কেনা সম্ভব হবে। সেগুলো এলে সম্ভব দ্রুততম সময়ে অভ্যন্তরিণ রুটগুলো চালু করা হবে।”
বিমান ছাড়াও বেসরকারী সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ এবং নভো এয়ার অভ্যন্তরিণ রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছে।
