চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সমাবেশ
হেফাজতে ইসলাম হরতাল ডাকার পর পুলিশের নিষেধাজ্ঞায় বুধবার মহাসমাবেশ স্থগিত করলেও বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ হয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে।
বিকালে জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্থাপিত গণজাগরণ মঞ্চে সমাবেশে যোগ দেয় হাজারো মানুষ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ ঢাকা থেকে যাওয়া ছাত্রনেতারা বক্তব্য রাখেন।
ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম তারেক ও আশিক উন নবী চৌধুরী, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি আশীষ ভৌমিক, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক আল জাহির প্রমুখ।
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আবৃত্তি করেন আহকাম উল্লাহ।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, “গণজাগরণ মঞ্চ ধর্মের বিরুদ্ধে নয়, যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে।”
“কোনো ধর্মের বিরুদ্ধে নই, সব ধর্মের সমান মর্যাদায় আমরা বিশ্বাস করি, আমরা ইসলামের সাম্যের বাণীতে বিশ্বাস করি।”
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থেকে সূচনা হয় গণজাগরণ আন্দোলনের, যা পরে জেলায় জেলায় ছড়িয়ে পড়ে।
ঢাকার বাইরে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের প্রথম সমাবেশের ঘোষণা দিলেও তা প্রতিরোধের হুমকি দেয় হেফাজতে ইসলাম।
এই সংগঠনটির দাবি, শাহবাগের আন্দোলন ‘নাস্তিক-ব্লগারদের’ আন্দোলন।
নাসিরউদ্দিন ইউসুফ বলেন, “পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নাস্তিক নই। ইসলামকে আঘাত করে, এমন কোনো বক্তব্য গণজাগরণ মঞ্চ থেকে দেয়া হয়নি।”
গণজাগরণ মঞ্চের মুখপাত্র এবং ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারকে ধর্মপ্রাণ মুসলমান হিসেবে উল্লেখ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি।
ইমরানসহ গণজাগরণ মঞ্চের ব্লগারদের নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের উদ্দেশে তিনি বলেন, “এটা আপনাদের ভুল ধারণা। এটি জামায়াতে ইসলামীর রটনা ও সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টা।”
ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যা দেয়া হেফাজতে ইসলামের উদ্দেশে নাসিরউদ্দিন বলেন, “জামায়াত দ্বারা প্রভাবিত হবেন না। যারা ৩৮ দিন ধরে আন্দোলন করছে তারা একটি মুহূর্তের জন্যও আদর্শ থেকে বিচ্যুত হয়নি।”
মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা রুখে দেয়ার আহ্বানও জানান তিনি।
বিকাল ৫টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ। তবে বিকাল ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ শ্রেণী-পেশার মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে থাকেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমাবেশস্থলে মঙ্গলবার হাতবোমা হামলার বিরুদ্ধে স্লোগান ছিল মিছিলে।
সমাবেশে বক্তব্যের পাশাপাশি উদীচীসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনায় গণসঙ্গীত হয়।
