২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ চাঁদনীর মৃত্যু, আরো ৩ জন গ্রেপ্তার

সাভারে চলন্ত বাসে শ্লীলতাহানি  থেকে রক্ষা পেতে বাসের জানালা দিয়ে লাফিয়ে পরে গৃহবধূ চাঁদনীর মৃত্যুর ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 10:36 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার ভোরে পুলিশ সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলখুশাবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ইসমাইল হোসেন (৩০), মিলন (২৮) ও জসিম উদ্দিন (২২)।

গত ২২ ফেব্রুয়ারি রাতে সাভারে শ্লীলতাহানীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য চলন্ত বাস থেকে লাফ দিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা যান গৃহবধূ চাঁদনি খাতুন (২২)। এ সময় তার স্বামী আবু বক্করও আহত হন।

দুদিন পর ২৪ ফেব্রুয়ারি পুলিশ বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার আবু বক্কর সাভায় থানায় একটি মামলাও করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তৈয়বুর রহমানের কাছে তারা ১৬৪ ধারায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও পরে বাস থেকে চাঁদনীর লাফিয়ে পড়ার কথা স্বীকার করেছে।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের স্বামীর লুট হওয়া মোবাইর ফোনটিও ইসমাইলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার জিরানী যাওয়ার জন্য তারা দুজন সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রামীণ সেবা পরিবহনের একটি বাসে ওঠেন। 

বাসটিতে আরো ৪/৫ জন যাত্রী ছিল। বাসটি নবীনগরের দিকে না গিয়ে শিমুলতলা এলাকা দিয়ে ঘুরে ঢাকার দিকে চলতে থাকে। 

এ সময় বাসে থাকা যাত্রীবেশে দূর্বৃত্তদের মধ্যে তিনজন চাঁদনীকে ধরে টানাহেচঁড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে।

তখন স্ত্রীকে বাঁচাতে তিনি (পমি) মোবাইল ফোনে স্বজনদের বিষয়টি জানানোর চেষ্টা করলে দূর্বৃত্তরা ফোনটি কেড়ে নিয়ে তাকে ধরে রাখে।

এক পর্যায়ে চাঁদনী চলন্ত বাসের জানালা দিয়ে লাফ দেন। স্ত্রীকে বাচাঁতে আবু বক্করও জানালা দিয়ে লাফিয়ে পড়েন।

এতে তিনি সামান্য আহত হলেও বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে চাঁদনী মারা যান।