ঋণ নিয়ে বিদেশে পাচার, ঠিকানা এখন কারাগার
ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ বিদেশে পাচারের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি মো. আলী আব্বাস নগরীর খাতুনগঞ্জের ব্যবসায়ী।
বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আব্বাস আদালতে জামিন চাইলে সে আবেদন নাকচ হয়।
দুদকের পক্ষের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী আলী আব্বাস কৃষি ব্যাংক ও ইউসিবিএল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে পণ্য আমদানির বিপরীতে নেয়া ৪৪ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৭৫৩ টাকা পরিশোধ না করে বিদেশে পাচার করেন।
এই অভিযোগে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল হক গত ২৪ জানুয়ারি ‘মানি লন্ডারিং’ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন।
এরপর আব্বাস উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নিয়েছিলেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবার তিনি বিচারিক আদালতে হাজির হন।
