কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
ঢাকার কেরানীগঞ্জে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এ ঘটনা ঘটে।
নিহতের মো. ইব্রাহিম (৫৫) সদরঘাটে রিকশাভ্যান ভাড়া দিয়ে সংসার চালাতন বলে তার পরিবারে সদস্যরা জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে চুনকুটিয়া সেতুর কাছে রাস্তার ওপর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ইব্রাহিমের বুকে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসির ধারনা, ছিনতাইকারীর ছুরির আঘাতে ইব্রাহিমকে মারা যান।
হত্যার অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।
ইব্রাহিমের স্ত্রী আনোয়ার বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টায় সদরঘাটে যাওয়ার জন্য জিয়ানগর বাসা থেকে বের হন ইব্রাহিম।
বাসা থেকে প্রায় একশ’ গজ দূরে চুনকুটিয়ায় তার লাশ পাওয়া যায়।
ইব্রাহিমের কাছে টাকা ছিল কিনা জানতে চাইলে আনোয়ারা বলেন, সদরঘাটের ভ্যান চালকরা তার কাছে টাকা জমা রাখতো। তাই তার কাছে সবসময় কয়েক হাজার টাকা থাকতো।
ইব্রাহিমের গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জের নওগাঁও। তিনি দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন।
