বঙ্গবন্ধু সেতুতে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ
বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক উল্টে বুধবার রাতে সেতু দিয়ে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এর ফলে দুই পাশের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে ঢাকাগামী মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ২৮ নম্বর পিলারের কাছে ডিভাইডারের ওপর আছড়ে পড়ে। এতে ডিভাইডারটি ভেঙে গেলে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
এ সময় সেতুর পূর্বপাড় টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস এবং সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার রাস্তায় কয়েকশ যানবাহন আটকা পড়ে।
সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিসিসি-এসইএল-ইউডিসি দুর্ঘটনা কবলিত ট্রাকটি দ্রুত সরিয়ে না নেয়ায় যানজট প্রকট আকার ধারণ করে বলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থানার ওসি নাজমুল হুদা জানান।
সেতুর পশ্চিমপাড় থানার এসআই আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেয়ার পর যান চলাচল শুরু হয়। সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আসে।
