২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হরতালে সংবাদপত্র ও রেললাইনে আগুন

বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে ১৮ দলীয় জোটের হরতালে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করেছে ছাত্রদল কর্মীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 05:32 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এই হরতালের শুরু থেকেই বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে।

শহরের সোনাপুর, দত্তের হাট, মাইজদী পৌর বাজার, মাইজদী বাজার ও নতুন বাসস্ট্যান্ডের কাছের সড়কগুলোতে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে পিকেটাররা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

সকালে সোনাইমুড়ি কলেজের সামনে পিকেটাররা সংবাদপত্রবাহী গাড়ি থেকে সংবাদপত্র ছিনিয়ে নিয়ে ‘আমার দেশ’ ও ‘নয়াদিগন্ত’ বাদে বাকি সব পত্রিকায় আগুন ধরিয়ে দেয়।

সকাল ৭টায় নোয়াখালী-লাকসাম রেলপথের মাইজদী কোর্ট স্টেশনের সামনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করে ছাত্রদল কর্মীরা।

তার আগেই সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নোয়াখালী স্টেশন ছেড়ে যায় বলে নোয়াখালী স্টেশন মাস্টার মানিক লালা দাস জানান।

এছাড়া আখাউড়াগামী সমতট এক্সপ্রেস সকাল ১১টায় ছেড়ে গেছে বলে জানান স্টেশন মাস্টার।

সকাল ৯টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারের সামনে শেষ হয়। সেখানে সমাবেশে বিএনপি নেতারা বক্তব্য দেন।

এছাড়া বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি ও কোম্পানীগঞ্জেও রাস্তা অবরোধ করে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে হরতাল সমর্থকরা।

সকালে শহরে যানবাহন চলাচল ছিল তুলনামূলকভাবে অনেক কম। প্রধান সড়কগুলোর অধিকাংশ দোকান-পাট ছিল বন্ধ। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।তবে বেলা বাড়ার সঙ্গে যান চলাচল বেড়েছে।

দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল হক চৌধুরীর নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের হয়।

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে বিশৃঙ্খলা এড়াতে শহরে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও টহল দিচ্ছেন।

জেলার বিভিন্ন স্থানে সকাল থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।