২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ডের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে জলদস্যুতার ঝুঁকি শূন্যের কোটায় নামিয়ে আনায় উপকূলীয় বাহিনীর (কোস্ট গার্ড) প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার (সিসিএমসি) উদ্বোধনকালে তিনি বলেন, সমুদ্রে দস্যুতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ২০১১ সালে চট্টগ্রাম বন্দরকে জলদস্যুতার ঝুঁকিমুক্ত হিসেবে আখ্যায়িত করে। এরপর ২০১২ সালে অবস্থার আরো উন্নতি হয় বলেও সংগঠনটির রিপোর্টে বলা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোস্টগার্ডের ভূমিকার কারণে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনও দস্যুতার ঝুঁকির তালিকা থেকে চট্টগ্রাম বন্দরের নাম বাদ দিয়েছে।

এসময় মহীউদ্দীন খান আলমগীর কোস্ট গার্ডের বিভিন্ন সাফল্যের কিছু তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা জানান, টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত মোট ৩০টি সিসিএমসি প্রতিষ্ঠা করা হবে।এর মধ্যে ১৯ টি সিসিএমসি’র নির্মাণ কাজ চলছে।

তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে এ অঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়েছে এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সিসিএমসি নির্মাণ করা হচ্ছে।”

এছাড়া এসব কেন্দ্র থেকে সমুদ্রসীমা পাহারার কার্যক্রম চালানো যাবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় দেশে আরও ১০০টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মিত হবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এমএ লতিফ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেন।