২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিল থেকে দেয়া হবে বৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের আওতায় এ বছর এক লাখ ৩৩ হাজার ৮২২ শিক্ষার্থীকে উপবৃত্তিসহ বিভিন্ন আর্থিক সুবিধা দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

স্নাতক ও সমমান পর্যায়ের অধ্যয়নরত নিবার্চিত দরিদ্র মেধাবী প্রত্যেক শিক্ষার্থী মাসে দুইশ টাকা করে উপবৃত্তি, বই কেনা বাবদ দেড় হাজার টাকা এবং পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা মিলিয়ে বছরে চার হাজার নয়শ টাকা পাবে।

বুধবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাস্টি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে পর্যায়ক্রমে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো হবে। সরকার ইতোমধ্যে এক হাজার কোটি টাকা এই ট্রাস্টে বরাদ্দ করেছে।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ চেম্বারস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি উপস্থিত ছিলেন।

দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২০ এপ্রিল ট্রাস্ট ফান্ড গঠনে লিখিত নির্দেশনা দেন।

পরে পরিকল্পনা মন্ত্রীর সভাপতিত্বে কয়েকটি সভায় ট্রাস্ট আইনের খসড়া চূড়ান্ত করা হয় এবং ২০১১ সালের গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন মন্ত্রিসভায় অনুমোদন পায়।

পরবর্তীতে গত বছরের ১১ মার্চ সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল, ২০১২ পাস হয়।

ট্রাস্ট আইন অনুযায়ী পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং তেইশ সদস্যের ট্রাস্টি বোর্ড রয়েছে। প্রধানমন্ত্রী এই ট্রাস্টি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক।