শ্রীমঙ্গল শিশু পরিবারে বিক্ষোভ
মৌলভীবাজারে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারের এতিমরা।
বুধবার প্রায় দু’ঘণ্টা বিক্ষোভের পর সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা শান্ত হয়।
এতিম শিশুদের প্রাইভেট পড়তে নিষেধ করার পর উপ-পরিচালক মো. শাহাজাহানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে তারা।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে হাবিবা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে উপ-পরিচালক সাহেব পরিদর্শনে এসে শিশুদের প্রাইভেট পড়া বন্ধের নির্দেশ দেন।
বিষয়টি জানাজানি হলে বিকাল ৪টার দিকে বিক্ষুব্ধ শিশুরা তার অপসারণের দাবিতে রাস্তায় নেমে আসে।
এ বিষয়ে মো. শাহাজাহান বলেন, প্রাইভেটের খরচ মেটানো হতো অনুদানের টাকায়। কিছুদিন আগে উচ্চপদস্থ এক কর্মকর্তা পরিদর্শনে এসে অনুদানের হিসাবে অস্বচ্ছতা পান।
বুধবার বিক্ষোভে তত্ত্বাবধায়ক উম্মে হাবিবার হাত রয়েছে বলেও দাবি করেন তিনি।
উম্মে হাবিবা এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (উপ পরিচলক) অনুদান গ্রহণে অস্বচ্ছতার বিষয়ে ‘নাটক’ সাজাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী বলেন, উপ-পরিচালকের আপসারণ না হওয়া পর্যন্ত খাবার গ্রহণে অস্বীকৃতি জানায় শিশুরা।
বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা এ সিদ্ধান্ত প্রত্যাহার করে।
