রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু
রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আঞ্চলিক কেন্দ্রের যাত্রা শুরু হল বুধবার।
পিএসসির চেয়ারম্যান এটিএম আহমেদুল হক চৌধুরী বিকালে নগরীর গুপ্তপাড়ায় একটি ভাড়া বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করেন।
আহমেদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৪তম বিসিএস পরীক্ষায় রংপুরে কেন্দ্র থাকবে। এতে এ অঞ্চলের শিক্ষার্থীদের দুর্দশা লাঘব হবে।
পর্যায়ক্রমে নিজস্ব ভবনে কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান।
উদ্বোধন অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপিক রাশিদা বেগম, অধ্যাপক ড. ইমরান কবির চৌধুরী, সৈয়দ হাসিনুর রহমান, লিয়াকত আলী খান, ওয়াজেদ আলী খান, জহুরুল আলম, শরীফ এনামুল কবির, অধ্যাপক তোফাজ্জল হোসেন, বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ, রংপুর পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এ অঞ্চলের শিক্ষার্থীরা।
উদ্বোধন অনুষ্ঠানের পর পিএসপি রংপুর আঞ্চলিক কেন্দ্র বাস্তাবায়ন কমিটির আহ্বায়ক জাকির আহম্মদ পিএসসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
