২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসনে রদবদল

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মুহম্মদ হুমায়ুন কবীরকে ওএসডি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

ওই পদে নিয়োগ পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম। একই আদেশে ধর্ম মন্ত্রণালয়ে তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলমকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশ দেয়া হয়।

একই দিন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) কাজী আকতার হোসেনকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করে ওই পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহম্মদ হুমায়ুন কবীরকে (সিনিয়র সচিবের পদমর্যাদা) নিয়োগ দেয় সরকার।

পৃথক আদেশে বিআরটিএ’র চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বিআরটিএ’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আ ল ম আব্দুর রহমান।

একই আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতারী মমতাজকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের মহাপরিচালক সৈয়দ মাহবুব হাসানকে ওএসডি করা হয়েছে।

এদিকে পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সরদার আবুল কালামকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিফুল ইষরামকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

অপর আদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন যুগ্ম সচিব মো. মোখলেছুর রহমান সরকারকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিসিকের পরিচালক মোহাম্মদ আবু সাদেককে বাংলাদেশ হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক, ওএসডি কর্মকর্তা মো. রেজাউল করিমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি কর্মকর্তা রমা রাণী রায়কে বিসিকের পরিচালক, মো. ইউসুফ আলীকে পিএসসির যুগ্ম সচিব এবং পিএসসির যুগ্ম সচিব মো. এনামুল হককে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমকে ওএসডি ও শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা এম বজলুল করিম চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।

অন্যদিকে একজন উপসচিব, এক সিনিয়র সহকারী সচিব, এক সহকারী সচিব, চার অতিরিক্ত জেলা প্রশাসক, এক জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশান মন্ত্রণালয়।