লাইসেন্স পেয়েছে নতুন তিন ব্যাংক
সব আনুষ্ঠানিকতা শেষে কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমতি পেয়েছে নতুন তিন ব্যাংক।
সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম লাইসেন্স পায়।
এরপর গত রোববার লাইসেন্স পায় ইউনিয়ন ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
এর আগে এই তিনটি ব্যাংকসহ নতুন ৭টি ব্যাংককে কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্য অনাপত্তিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক।
অনাপত্তিপত্র পাওয়া ফারমার্স ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেডও কোম্পানি হিসেবে নিবন্ধনের কাজ প্রায় শেষ করে এনেছে।
লাইসেন্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামী এপ্রিল বা মে মাসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। এখন শাখা খোলার আবেদন করব কেন্দ্রীয় ব্যাংকে। শাখা খোলার অনুমোদন পেলেই কাজ শুরু করব।”
প্রধান কার্যালয়ের জন্য মতিঝিলের ক্রিসেন্ট ভবনে অফিস নিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ইতোমধ্যে ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন পর্যায়ের বেশ কিছু নিয়োগও হয়েছে।
প্রধান কার্যালয়ের জন্য অফিস নিয়েছে লাইসেন্স পাওয়া অন্য ব্যাংকগুলোও। তাদেরও নিয়োগ প্রক্রিয়া চলছে।
সরকার গত বছর আরো দুটি ব্যাংক চালুর প্রস্তাব অনুমোদন করলেও তারা অর্থের উৎসসহ প্রয়োজনীয় তথ্য কেন্দ্রীয় ব্যাংককে দিতে না পারায় এখনো অনাপত্তিপত্র পায়নি।
সরকার গত এপ্রিলে স্থানীয় উদ্যোক্তাদের ছয়টি এবং প্রবাসী উদ্যোক্তাদের তিনটি এনআরবি ব্যাংকের অনুমোদন দেয়ার পর পত্রপত্রিকায় খবর আসে, রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংকগুলোকে অনুমোদন দেয়া হচ্ছে।
লাইসেন্স পাওয়া ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে শহিদুল আলমের। উদ্যোক্তার তালিকায় আছেন গোলাম মসি, যিনি জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। এই ব্যাংকের পেছনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নাম এসেছে পত্র-পত্রিকায়।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী এক সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসাবে উল্লেখ করা হয়েছে এস এম আমজাদ হোসেনের নাম।
